আল্লাহকে নিয়ে কটূক্তি: বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নজর২৪, ঢাকা- পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বাকি দুই আসামি হলেন ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকারী শাজাহান ও ইকবাল।

 

বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদি অ্যাডভোকেট ইমরুল হাসান ও ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পাওয়া যাওয়ায় এ প্রতিবেদন দাখিল করেন ট্রাইব্যুনালে।

 

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

 

গত ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন। মামলার আর্জিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের ওই ভিডিওটি ভাইরাল হয়। এই বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *