ইরানি বিজ্ঞানী হত্যায় মোসাদ জড়িত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি এক সাংবাদিকের একটি পোস্ট নিজের অফিসিয়াল টুইটার পেজে রিটুইট করে এ কথা জানান তিনি।

 

এদিকে, ফাখরিজাদে হত্যাকাণ্ডে ইসরায়েলের জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ থাকার দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে এ তথ্য জানান।

 

ট্রাম্প জানান, ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর ফাখরিজাদে। বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা করছিল ইসরায়েল। তেল আবিবের সবচেয়ে ঘনিষ্ট মিত্র মার্কিন প্রেসিডেন্ট এমন কথা জানালেও ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

 

পার্সটুডে জানিয়েছে, এ হত্যাকাণ্ডকে যুদ্ধ বাঁধানোর চেষ্টা উল্লেখ করে জারিফ বলেন, ভয়ঙ্কর এই সন্ত্রাসী হামলার নিন্দা জানায়নি ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমাজ। এই নীরবতা ‘নির্লজ্জ দ্বৈত নীতি’, যা অবিলম্বে পরিহার করা উচিত।

 

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে। শীর্ষ পরমাণু বিজ্ঞানী হিসেবে পরিচিত এই বিশেষজ্ঞ হত্যায় জড়িতদের বিরুদ্ধে বজ্রের মতো আঘাত হানার অঙ্গীকার করেছে তেহরান।

 

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানী তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *