পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক- ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বিবিসি জানায়, এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেহগান হামলাকারীদের পাল্টা আঘাত করার অঙ্গীকার করেছেন।

 

মোহসেন হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আয়াতুল্লাহ খামেনির অন্যতম উপদেষ্টা হোসেইন দেহগান এক টুইটে বলেন, ‘আমরা এই শহীদের হত্যাকারীদেরকে বজ্রপাতের মতো আঘাত করব এবং তাদের কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য করব।’

 

মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, মোহসেন ফাখরিজাদেহকে হত্যার কঠিন প্রতিশোধ নেবে তেহরান।

 

শুক্রবার রাতে এক বার্তায় মোহাম্মাদ বাকেরি ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইহুদিবাদী সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে।

 

ফাখরিজাদেহ’কে ইরানের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 

ইরানের সেনাপ্রধান আরো বলেন, শত্রুদের জেনে রাখা উচিত শহীদ ফাখরিজাদেহ যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তা কখনো বন্ধ হওয়ার নয়।

 

এর আগে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় প্রতিশোধের হুমকি দেন।

 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ওই হামলাকে কোনো ‘রাষ্ট্রের মদদে’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, মোহসেন ফখরিজাদাহ ইরানের গুপ্ত পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে রয়েছেন।’

 

আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন। তবে পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ইরান শান্তিরক্ষার জন্য বলে দাবি করে আসছে।

 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল টুইট বার্তায় বলেন, ‘সন্ত্রাসীরা ইরানের একজন প্রখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছে। তিনি এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন। তবে ইসরায়েলর পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি এখনো আসেনি।

 

উল্লেখ্য, ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়।

 

এ সময় ইরানের এই পদার্থবিজ্ঞানীর দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফাখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *