রাজনীতিতে আমি ক্লাস ওয়ানের ছাত্র: সাকিব আল হাসান

নির্বাচনে জিতে নিজ জন্মভূমি মাগুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার তিন দিনের মাথায় গাড়িবহর নিয়ে মাগুরায় পা রেখে এসব কথা বলেন তিনি।

সাকিব বলেন, রাজনীতিতে তার অভিজ্ঞতা অল্প সময়ের। তাই মাগুরার উন্নয়নে সিনিয়র নেতাকর্মীদের পরামর্শ নিয়ে কাজ করতে চান তিনি। যেভাবে কোচের কাছ থেকে ক্রিকেটে তার হাতেখড়ি হয়েছে, ঠিক সেভাবেই রাজনৈতিক গুরুজনদের কাছ থেকে রাজনৈতিক দিকনির্দেশনা চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তিনি বলেন, আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুরা-১ আসনে কত ভালো কাজ করেছেন। এখানে যদিও আমি নমিনেশন পেয়েছি, আসলে এটা তারই আসন। আমরা দুইজনে একসঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। নির্বাচিত হলে আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরও এগিয়ে নিতে পারবো। উন্নয়নের জন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শুধু মাগুরাতে না, পুরো বাংলাদেশে।

মাগুরায় নেতাকর্মীদের সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ১৭ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি। কিন্তু এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি।

এ সময় মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে তিনি বলেন, তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাব।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন সাকিব। দুপুর সাড়ে ১২টায় মাগুরায় পৌঁছান সাকিব ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। গড়াই নদীর ব্রিজ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। সে সময় সাকিবের বাবা মাশরুর রেজা উপস্থিত ছিলেন। সাকিবকে বরণ করতে শত শত মোটরসাইকেল আর প্রাইভেটকারের শোডাউন দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *