চট্টগ্রাম ডুবে গেলেই মানুষ আমার হাতে মাছ ধরায় দেয়: রিয়াজ

এক নির্বাচনী জনসভায় চিত্রনায়ক রিয়াজ আহমেদ চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা করেছিলেন। যার খেসারত স্বরূপ তাকে নিয়ে সেসময় তুমুল ট্রল হয়। সেখানেই থেমে যায়নি নেটিজেনরা। চট্টগ্রাম পানিতে তলিয়ে গেলেই সামাজিকমাধ্যমে তাকে নিয়ে ফের ট্রল শুরু হয়। বিষয়গুলো দৃষ্টিগোচর হয়েছে নায়কের। এতদিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন।

চিত্রনায়ক রিয়াজ আহমেদ বলেন, ‘চট্টগ্রাম পানিতে ডুবে গেলেই মানুষ আমাকে সেখানে নিয়ে গিয়ে হাতে মাছ ধরায় দেয়। ট্রল করে। এটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে একটা কথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে এটা করে ওই মানুষটা যদি আনন্দ পায় তবে পাক। আমি খুব ইতিবাচক মানুষ।’

চট্টগ্রামের জলাবদ্ধতা তিনি আরও বলেন, ‘আমি এ কারণেই এটা বলেছি যে চট্টগ্রাম অনেক ডেভেলপ হয়েছে। চট্টগ্রামে চমৎকার রাস্তা তৈরি হয়েছে, চট্টগ্রামে টানেল তৈরি হয়েছে, কর্ণফুলীর নিচ দিয়ে। আবার এটা ঠিক যে চট্টগ্রামের অনেক রাস্তা আছে, অনেক এলাকা আছে যেখানে অল্প পানিতে ডুবে যায়।’

চট্টগ্রামের জলাবদ্ধতার নিরসনে মেয়র ও দায়িত্বরতদের উদ্দেশ্যে এই নায়ক বলেন, ‘এটা আমাদের কারো কাছেই কাম্য না। আমরা বলি বীর চট্টলা, এটা একটা পোর্ট সিটি। আমাদের যাবতীয় উন্নয়নের সব কিছুই চট্টগ্রাম থেকেই আসে। এ ক্ষেত্রে আমি বলব নিচু অঞ্চলগুলোর জলাবদ্ধতা নিরসনে যেখানে দায়িত্বরত আছেন, সিটি মেয়র আছেন, তাদেরকে পজিটিভলি কাজ করতে হবে।’

শুধু মেয়র দায়িত্বরতদের আহ্বান করে ক্ষান্ত হননি তিনি। একি সঙ্গে জলাবদ্ধতার কারণও উল্লেখ করেছেন এই নায়ক। নায়ক বলেন, ‘আগে প্লাস্টিকের বোতল ছিল না, এখন আমরা পানি খেয়ে প্লাস্টিকের বোতল ফেলে দিই, সেসব যায় কোথায়? হাজার হাজার টন প্লাস্টিকের বোতল এসব ড্রেনের মুখে আটকে যায়। তাই এটিও আমাদের জনসচেতনতামূলক কর্মকাণ্ড হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত।’

কয়েক বছর আগে এক বক্তব্যে ‘চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা’ করায় ট্রলের শিকার হয়েছিলেন রিয়াজ। সে সময় তাকে অনেকে ‘ইউরোপিয়ান নায়ক’ বলে সম্বোধন করেন। কিন্তু ওই সময় সেই তুলনা যথার্থই করেছিলেন কিনা জানতে চাইলে সম্প্রতি রিয়াজ বলেন, ‘আমার কোনোভাবেই মনে হয় না আমি চট্টগ্রামের সেই বক্তব্য ভুল দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *