আবারও নিজের ঝলক দেখালেন লিওনেল মেসি, করলেন জোড়া গোল

পিএসজি ছাড়ার সময় লিওনেল মেসি জানিয়েছিলেন, প্যারিসে সময়টা উপভোগ করেননি তিনি। ক্যারিয়ারের বাকি সময়টা তাই এমন কোথায় কাটাতে চাচ্ছিলেন যেখানে তিনি চাপমুক্ত থেকে ফুটবলটা উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে মেসি দারুণ উপভোগ করছেন সময়টা। যার ছাপ তার খেলায়। অপ্রতিরোধ্য রূপে হাজির হয়েছেন সর্বজয়ী মহাতারকা।

মেসি আসার আগে হারের বৃত্তবন্দী ইন্টার মায়ামি এখন রীতিমতো উড়ছে। মেসি ম্যাজিকে ফের জয়ের স্বাদ পেয়েছে তারা। বৃহস্পতিবার (৩ আগস্ট) লিগ কাপের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলের জয়ের নায়ক ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন তারকাই।

সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ম্যাচের সপ্তম মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মেসি। রবার্ট টেইলরের চিপ থেকে গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১০ মিনিট পরই ভিলচেজের গোলের সমতা আনে অরল্যান্ডো।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পায় ক্লাবটি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেস মার্টিনেজকে নেওয়ার সুযোগ করে দেন। অধিনায়ককে হতাশ করেননি মার্টিনেজ। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন তিনি।

ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মার্টিনেজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *