বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাজীপুর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী জিতলে মানুষ যত না খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হয়েছে নির্বাচন সুষ্ঠু হওয়ায়।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্বাচনে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে বিএনপি এত দিন মিথ্যাচার করে আসছে। এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে তাদের যে অভিযোগ, সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।’
তিনি বলেন, গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ জোর করে নিজেদের প্রার্থীকে জয়ী করতে যায়নি। নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচার প্রমাণিত হয়েছে। গাজীপুরের মতো আরও চার সিটিসহ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি কোনো এটা স্লিপ অব টাং নয়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোট বেড়ে গেছে। আর বিএনপির ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকবে। শেখ হাসিনার উন্নয়ন, আর আমাদের ভালো আচরণ – এই দুই নিয়ে আমাদের আগামী নির্বাচন।’
মার্কিন ভিসানীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আমরা বাধা দেব কেন? আমাদের দেখা দরকার কারা নির্বাচনে বাধা দিচ্ছে। যারা নির্বাচন চায় না, তত্ত্বাবধায়ক চায় তারা নির্বাচনে বাধা দিচ্ছে। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। কোনো বিদেশি বন্ধু একবারও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলেননি। যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে এ ভিসানীতি কার্যকর হয় কী না সেটা দেখার বিষয়।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে ভিসাপলিসি। এ ভিসাপলিসি দেখে বিএনপির ঘুম হারাম। ফখরুলের মুখ শুকিয়ে গেছে।
