ফলাফল ঘোষণার আগেই আজমত উল্লাকে গোলাম রাব্বানীর অভিনন্দন

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। বেসরকারিভাবে ঘোষণা করা ৪২৬ টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৩ হাজার ২০০ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

কিন্তু এরই মধ্যে আজমত উল্লা খানকে গাজীপুর সিটি করপোরেশনে বিজয়ী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

আজ বৃহস্পতিবার রাতে তিনি তার ভ্যারিফাইড ফেসুবক পেইজে আজমত উল্লা খান বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মুজিব আদর্শের জয়; পুষ্পিত শুভেচ্ছা-অভিনন্দন আইন বিভাগের শ্রদ্ধাভাজন অগ্রজ Adv Azmat Ullah Khan ভাই। শেষে একটি ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

এর আগে গাজীপুর সিটির ৪৮০টি কেন্দ্রে সকাল ৮টায় একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল না প্রার্থীদের।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

ইতোমধ্যেই ভোটগ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, পর্যবেক্ষক টিম ও গণমাধ্যমের কাছ থেকে যে খবর পেয়েছি, সেটি হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা সবাই বলেছেন নির্বাচন ব্যবস্থায় তারা অত্যন্ত সন্তুষ্ট। নির্বাচনে যে ফলই আসুক না কেন তারা সবাই মেনে নেবেন।’

দেশের বৃহত্তম এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে আটজন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *