দেশবরেণ্য চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দেশের সিনেমাপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে স্থানীয় সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি। নায়ক ফারুককে হারিয়ে অভিভাবক হারানোর শোক অনুভব করছেন বলে জানিয়েছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান।
ফেসবুক পাতায় শাকিব লেখেন, ‘চলে গেলেন আমাদের প্রিয় মিয়া ভাই (আকবর পাঠান ফারুক)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত দিন তিনি সুস্থ সবল ছিলেন, তত দিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিশিয়েট করে গর্বিত হতেন।’
স্মৃতিকাতর শাকিব বলেন, ‘আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি।’
ফারুকের আত্মার শান্তি কামনা করে নায়ক বলেন, ‘তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।’
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক। টানা চার মাসের বেশি সময় ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গেলো বছরের অক্টোবরেও তার স্ত্রী ফারহানা ফারুক জানিয়েছিলেন, অভিনেতা সুস্থ হয়ে উঠছেন। শিগগিরই ফিরবেন দেশে। কিন্তু শেষ পর্যন্ত আর মায়াবী হাসিটা নিয়ে ফিরতে পারলেন না ঢালিউডের ‘লাঠিয়াল’।
