খেলা দেখাতে নিজস্ব টিভি চ্যানেল চালু করবে বিসিবি

দেশের মাটিতে বাংলাদেশি চ্যানেলগুলোর খেলা সম্প্রচারে অনীহা নতুন কিছু নয়। যার ধারাবাহিকতায় চলমান আয়ারল্যান্ড সিরিজেও বাংলাদেশি কোনো চ্যানেলে দেখানো হচ্ছে না খেলা। আর বারবার দেশি চ্যানেলগুলোর এমন অনীহা দেখে বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অদূর ভবিষ্যতে নিজস্ব চ্যানেল খুলে খেলা সম্প্রচারের ভাবনায় বিসিবি। যা নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। এদিন নাজমুল হোসেন শান্ত পেয়েছে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরির দেখা। এছাড়া তাওহীদ হৃদয়ের ফিফটি ও শেষদিকে মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ৩২০ রানের বড় লক্ষ্য ৭ উইকেটে পেরিয়ে যায় টাইগাররা। তার আগে নিজস্ব চ্যানেল খোলা নিয়ে কথা বলেন বিসিবি প্রধান।

পাপন বলছিলেন, ‘একবার-দুবার হয়েছে (ম্যাচ সম্প্রচার নিয়ে টিভি চ্যানেলের অনাগ্রহ), আমরা তো আর তৃতীয়বার অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি আগ্রহ না দেখায়, কোনো উপায় না থাকলে বিসিবি থেকেই চ্যানেল চালু করব। যেখানে আমাদের যত খেলা থাকবে, সবগুলোই খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ–সব।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। টিভি স্বত্ব তো কিনতে হবে বাংলাদেশের কোনো চ্যানেলকে। যদি তারা না কেনে এবং ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’

বিসিবির পক্ষ থেকে চ্যানেল খোলার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনার কথা উল্লেখ করে পাপন আরও বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটো অপশন আছে। ইউটিউবে খেলা দেখানো কিংবা টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব। অথচ চলমান সিরিজেও তাদের কেউ আগ্রহ দেখায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *