দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন বিএনপির ইশরাক

নজর২৪, ঢাকা- দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

 

রায়ে বলা হয়, সম্পদের হিসাব বিবরণী দাখিল করার নোটিস যথানিয়মে জারি না হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ইশরাককে খালাস দেওয়া হল।

 

সোমবার ইশরাক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। এদিন আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম আরিফ ও ফরহাদ হোছাইন নিওন আইনজীবী আদালতে হাজির ছিলেন। আদালতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

 

রায় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, সরকার যতই অপচেষ্টা করে বিচারবিভাগকে রাজনৈতিক প্রভাবের চেষ্টা করুক না কেন, এখনও বিচারবিভাগ ও প্রশাসনে ন্যায়-পরায়ণ মানুষ রয়েছে। আজকে বিচারক সৎ সাহস নিয়েই এই রায় দিয়েছেন।

 

এর আগে গত ১১ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত। গত ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দুদকে দাখিলের নোটিশ দেয়া হয়। একই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব কমিশনের নোটিশটি জারি করতে তাদের বাসভবনে যান। কিন্তু ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত চারজনের (সাক্ষী) সামনে বাসভবনের নিচতলায় প্রবেশ পথের বাম পাশের দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে নোটিশটি জারি করেন।

 

দুদকের দেয়া ৭ কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেন সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি। এ ঘটনায় ২০১০ সালের ২৯ আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম।

 

২০১৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ইশরাক হোসেনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন।

 

২০২০ সালের ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৬ জন সাক্ষ্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *