মামুনুল হক ও চরমোনাই পীরের কুশপুত্তলিকা দাহ করলো মুক্তিযুদ্ধ মঞ্চ

নজর২৪, ঢাকা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বক্তব্য দেয়ার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও চরমোনাই পীর ফয়জুল করীমের কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

শনিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করে। সেখানেই কুশপুত্তলিকা দাহ করা হয়।

 

কুশপুত্তলিকা দাহ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড় এসে অবস্থান নেয়। প্রায় এক ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখে সংগঠনের নেতাকর্মীরা। শাহবাগ সড়ক অবরোধ কর্মসূচি থেকে মৌলবাদ বিরোধী বিভিন্ন স্লোগান এবং মৌলবাদী অপশক্তিকে দেশের মাটি থেকে উৎখাত করার কথা বলা হয়।

 

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ সাত দফা দাবি উত্থাপন করে। সেগুলো হলো- বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে আগামী ৭২ ঘন্টার মধ্যে মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করীমকে গ্রেফতার করতে হবে; দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা, উপজেলায় বঙ্গবন্ধুর ভার্স্কয নির্মাণ করতে হবে; সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে; বিভিন্ন ধর্মীয় সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়ানো ও অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

এছাড়া ধর্ষণের ন্যায় বলাৎকারের অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ন বন্ধে মনিটরিং সেল গঠন করে নজরদারি বাড়াতে হবে; মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত বাজানো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার নির্মাণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

 

এর আগে গত ১৩ নভেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর ধূপখোলা মাঠে সমাবেশ করে ধোলাইপাড়ে ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন অপসারণের দাবি তোলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ‘তৌহিদী জনতা ঐক্যপরিষদের’ ব্যানারে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তরা বলেন, মূর্তির বদলে আল্লাহ, কোরআন ও হাদিসের বাণী সম্বলিত মিনার স্থাপন করতে হবে। বাংলাদেশ মসজিদের দেশ, আউলিয়ার দেশ, মাদরাসার দেশ। এদেশে কোনও মূর্তি থাকতে দেয়া হবে না।

 

ওইদিনই রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকও প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য (মূর্তি) স্থাপনের বিরোধিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *