২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে। ওইদিন থেকে স্টেশনটিতে সব কার্যক্রম চালু হবে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভা কক্ষে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এর আগে ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর মেট্রোরেল রাজধানীর উত্তরার উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত চালু করা হয়। এবার চালু হচ্ছে পল্লবী স্টেশন। এ নিয়ে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল।

ডিএমটিসিএল সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে মোট ৯টি স্টেশন রয়েছে। এর মধ্যে রয়েছে উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া হবে ৬০ টাকা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন ২৯ ডিসেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *