ক্রিকেটার থেকে সংসদ সদস্য হয়ে রাজনীতিতে নাম লেখানো ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে সাবেক এ তারকা ক্রিকেটারকে অর্ন্তভূক্ত করার কথা জানান।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নড়াইল ০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সোমবার রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি।
এতে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার আন্তরিক ভালবাসায় আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। নড়াইলের সাংসদ আপনি নিজে, আমি আপনার একজন ক্ষুদ্র কর্মী।
বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির ‘যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক’ মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান আপনাদের সার্বিক সহযোগিতায় আমি এই দায়িত্ব সৎ নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমার পরিবার ও নড়াইল বাসীর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে ছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে নড়াইল ২ আসনের এ সংসদ সদস্যকে ওই কমিটিতে রাখা হয়েছিল।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা হয়, যাতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
এতে নড়াইল-২ আসনের (সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) সাংসদ মাশরাফিকে দলের কার্যনিবাহী কমিটিতে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।
একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে নড়াইল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জনপ্রিয় এ ক্রিকেটার।
২০২১ সালের জুনে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হন তিনি।
