পৌষের সাত-সকালে বৃষ্টি, আরও বাড়তে পারে শীত

এখন পৌষ মাস। সারাদেশে কুয়াশার সঙ্গে বয়ে চলেছে শীত। এ অবস্থায় সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে ভোরের আগে থেকেই মেঘের গর্জন শোনা গেছে। উষ্ণতার চাদর মুড়িয়ে মানুষ যখন ঘুমে ব্যস্ত, তখনি নেমে এলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

কিছু এলাকায় বৃষ্টি চলে প্রায় এক ঘণ্টা। এমন অবস্থায় কিছুটা বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম থাকলেও বৃষ্টির কারণে জবুথবু অবস্থা।

এমন পরিস্থিতিতে জেঁকে বসা শীত আরও বাড়বে কি না জানতে চাইলে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বৃষ্টি হলেও তাপমাত্রা আজ খুব একটা কমবে না, তবে দু-এক দিনের মধ্যে সেটা কমতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাস

পূর্বাভাসে দেশের কোনো কোনো এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটির সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি আরও জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *