ফুটবল বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন শোনা গিয়েছিল, চুক্তির মেয়াদ শেষেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নাম লেখাতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন বিশ্বজাপজয়ী তারকা। পিএসজিতেই থাকছেন তিনি।
ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। আগামী বছর জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বিশ্বসেরা এই ফুটবলারের।
এর মধ্যেই বিশ্বকাপ জয় করে দেশে ফিরে পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি। ফলে ফরাসি ক্লাবটিতেই থাকছেন আর্জেন্টাইন জাদুকর।
ফরাসি পত্রিকা লে পেরিসিয়ান রিপোর্ট প্রকাশ করেছে, মেসি এবং পিএসজির মধ্যে চুক্তির বিষয়টি মৌখিকভাবে একবিন্দুতে পৌছেছে। ডিসেম্বরের শুরু থেকে কার্যকর আলোচনা শুরুর পর অবশেষে পিএসজির প্রস্তাবে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন মেসি।
মেসি আপাতত আছেন আর্জেন্টিনায়। বিশ্বকাপ জয়ের পরের মুহূর্তটা তিনি উপভোগ করছেন দেশের মানুষের সঙ্গে। তবে তিনি পিএসজিতে শিগগিরই ফিরছেন। লিগে আধিপত্য ধরে রাখার পাশাপাশি ফরাসি এই দলটিকে ইউরোপীয় শিরোপা জেতানোর লক্ষ্য নিয়ে ক্রিস্তোফ গালতিয়েরের দলে ফিরবেন তিনি।
লে পেরিসিয়ান জানাচ্ছে, আর্জেন্টিনা থেকে পিএসজিতে মেসি ফিরলেই তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসবে দুই পক্ষ। সভাপতি নাসের আল খেলাইফি আর ক্রীড়া ব্যবস্থাপক লুইস ক্যাম্পোসের সঙ্গে মেসির সেই বৈঠকেই নির্ধারিত হবে চুক্তির মেয়াদ বাড়ালে কত বেতন নেবেন, মেয়াদটা কয় বছরের হবে ইত্যাদি বিষয়।
সেটা হয়ে গেলে তার সাবেক দল বার্সেলোনায় মেসির খেলোয়াড় হিসেবে ফেরার সম্ভাবনা কমে আসবে আরও একটু। যদিও মেসি নিজেই জানিয়েছিলেন, খেলোয়াড় হিসেবে না হলেও অন্য কোনো ভূমিকায় ফিরতে চান বার্সায়। সেটা কোন ভূমিকায় হবে, সে প্রশ্নটা আপাতত তোলা ভবিষ্যতের হাতে।
