৪ দিন পর কার্যালয়ে প্রবেশ করলেন বিএনপি নেতারা

ঢাকা বিভাগীয় সমাবেশের আগে বুধবার রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের জেরে অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতারা।

চার দিন পর রোববার দুপুর সোয়া ১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স। এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবী ও দলের নেতাও কার্যালয়ে প্রবেশ করেন।

প্রবেশ করেই নেতারা পুরো কার্যালয়ে ঘুরে দেখেন, যাদের কেউ কেউ প্রয়োজনীয় নথিপত্র খুঁজতে থাকেন।

এর আগে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেওয়া হলেও শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল চলাচলের সড়ক ফের বন্ধ করে দেওয়া হয়।

তবে আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টন প্রবেশের দুই দিকের রাস্তার ব্যারিকেট তুলে নেওয়া হয়। সাধারণ মানুষের জন্য এই রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।

রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানিয়েছেন, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই। এজন্য তাদের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *