নয়াপল্টন সড়ক থেকে ব্যারিকেড তুলে নিয়েছে পুলিশ। বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ঢুকতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ১০ ডিসেম্বর বিএনপির যে গণসমাবেশ হয়েছে, সেটিকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিস কেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশকিছু সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা হয়। মামলার কার্যক্রম ও ক্রাইম সিনের জন্য বিএনপির কার্যালয় একদিনের মতো বন্ধ ছিল। পরে কার্যালয়ের চাবি তাদের (বিএনপি নেতাদের) কাছে দিয়ে দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা কার্যালয়ে ঢুকতে কোনো বাধার সম্মুখীন হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘আজকে আমরা খবর পেয়েছি, বিএনপির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং তারা তাদের কার্যক্রম চালাতে পারবেন।
উল্লেখ্য, গতকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হয়েছে। অপরদিকে সংঘর্ষের পরদিন থেকেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের মূল ফটক ছিল তালাবদ্ধ। দলটির কোনো পর্যায়ের নেতাকর্মীকে এদিন নয়াপল্টনে ভিড়তে দেওয়া হয়নি।
এছাড়া গত তিনদিন ধরেই নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল থেকে আরামবাগমুখী রাস্তা ছিল পুলিশের নিয়ন্ত্রণে। পুরো এলাকার অলিতে গলিতে পুলিশের ব্যারিকেড ছিল।
