বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
এদিন ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করেন। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালাচ্ছেন।
এদিকে রাজধানীর নয়াপল্টনে পুলিশ-বিএনপি কর্মীদের সংঘর্ষের পর দলীয় কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় কার্যালয়ের গেটের সামনে তিনি অবস্থান নেন। পুলিশ কর্মকর্তারা তাকে জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও অনড় থাকেন বিএনপির এই নেতা।
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমি যাব না, এখানেই থাকব।’
পল্টনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের খবর শুনে বিকেলে ঘটনাস্থলে আসেন বিএনপি মহাসচিব। তিনি কার্যালয়ের ভেতর প্রবেশ করতে চাইলে পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরেন; কার্যালয়ে প্রবেশ করতে দেননি। এরপরই তিনি কার্যালয়ের গেটের বাইরে ফুটপাতে বসে পড়েন।
বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদেই এই অবস্থান বলে জানান তিনি।
