Home প্রধান খবর আরামবাগ পেলে নয়াপল্টন ছাড়তে রাজি বিএনপি

আরামবাগ পেলে নয়াপল্টন ছাড়তে রাজি বিএনপি

0
289

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের জন্য পছন্দের জায়গা নয়াপল্টন ছাড়তে রাজি বিএনপি। তবে সরকারের বরাদ্দ দেয়া সোহরাওয়ার্দী উদ্যানের বদলে আরামবাগ যেতে রাজি তারা।

সড়কে সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের পক্ষ থেকে বক্তব্য আসার পর আরামবাগ বেছে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে তারা। তবে পুলিশের পক্ষ থেকে এখনো বিকল্প ভেন্যুর চিন্তা করা হয়নি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রাপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রাস্তা বাদ দিয়ে বিএনপি যদি উন্মুক্ত মাঠ খোঁজে তাহলে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ আছে, সেখানে তারা সমাবেশ করতে পারে। সেখানে গেলে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

ফারুক হোসেন বলেন, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপরও ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিকল্প ভেন্যুর প্রস্তাব করেছেন বিএনপির নেতারা। বিএনপির পক্ষ থেকে আরামবাগে বিকল্প ভেন্যুর জন্য মতিঝিল বিভাগের ডিসির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প ভেন্যুর কোনো চিন্তা করা হয়নি জানিয়ে উপকমিশনার বলেন, যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে তাই এখন পর্যন্ত ডিএমপি সেই অবস্থানেই রয়েছে। রাস্তায় সমাবেশ করার অনুমতি দেবে না ডিএমপি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে ধরনের কার্যক্রম হাতে নেওয়া দরকার ডিএমপি তা গ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here