১০ ডিসেম্বর নৈরাজ্য করলে বিএনপিকে দাঁতভাঙা জবাব: ছাত্রলীগ সভাপতি

আগামী ১০ ডিসেম্বর বিএনপি তাদের সমাবেশে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে আছে। ১০ ডিসেম্বর যদি খুনি জিয়ার অবৈধ বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে ছাত্রলীগের নেতাকর্মীরা দাতভাঙা জবাব দেবে৷

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কথায় বড় না হয়ে কাজে বড়।

জয় বলেন, জাতির পিতা জীবন-যৌবন দিয়ে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাকে এগিয়ে নেওয়ার জন্য ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনা নির্দেশনায় পরিচালিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সারথি হিসেবে ছাত্রলীগ কাজ করছে। শিক্ষার্থীরা যখনই সমস্যার সম্মুখীন হয়, ছাত্রলীগ নেতারা সেই সমস্যা সমাধানের জন্য কাজ করে। এছাড়া আমরা দেখেছি, করোনার সময় অন্য দলের ছাত্র সংগঠনগুলো কারও পাশে এসে দাঁড়ায়নি, তারা বাসায় বসে ছিল। কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাদের ছাত্রত্ব নেই দাবি করে তিনি বলেন, আমরা শুনেছি ছাত্রদলের নেতারা পরীক্ষার হলে না এলে নাকি ওইদিন পরীক্ষাই হতো না। সেই ছাত্র দল তৈরি করেছিল খুনি জিয়া।

জয় আরও বলেন, আজকে বিএনপি একটি মুখোশধারী দল। যে দলের মূল কাজ ছিল শিক্ষকদের গুলি করে হত্যা করা, শিক্ষার্থীদের দিয়ে টেন্ডারবাজি করা। তরুণ সমাজ এই দল চায় না।

সম্মেলন সঞ্চালনা করছেন ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *