আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের গণমাধ্যম নানাভাবেই চাপে পড়ে। আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে বলেই আমাদের প্রত্যাশা। সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে তাণ্ডব চালাচ্ছে। কখনো অনুমতি দেয়, কখনো দেয় না। অনেক সময় অনুমতি দিলেও শারীরিক আক্রমণ করছে। গত ২২ আগস্ট থেকে এ পর্যন্ত আটজন নেতা মারা গেছেন। সর্বশেষ আমাদের সাবেক এমপি মারা গেছেন। শেখ হাসিনার আক্রমণ থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ বাদ যায়নি।’
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বাধা বিপত্তি দিলেও কর্মসূচি থাকবে। আপনারা জানেন আমাদের সমাবেশকে ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরিবহন ধর্মঘট ডাকে। যেই বিএনপির সমাবেশ শেষ, তাদের ধর্মঘটও শেষ।’
রিজভী আরও বলেন, ‘ঢাকার সমাবেশ নিয়ে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে জানতে পারছি, সরকার অন্য জায়গায় অনুমতি দিতে চায়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হবে। এখানে অতীতেও আমরা অনেকগুলো বড় সমাবেশ করেছি।’
ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘আমাদের দাবি মেনে নিলে তো সমাবেশ করা লাগবে না। তারা আমাদের দাবিগুলো মানলেই হলো। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। তবে যেখানেই বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘জিয়া পরিবারের জন্মই হয়েছে দেশের মানুষের জন্য। দেশের সব মানুষের হাতে ক্ষমতা। নয়াপল্টনেই আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করব। কারণ সব দিক বিবেচনায় নয়াপল্টন অপেক্ষাকৃত নিরাপদ। সরকার বাধা দিলে বুঝতে হবে তাদের দূরভিসন্ধি রয়েছে। আজকে দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পতনের কোনো বিকল্প নেই।’
