গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েও স্বস্তিতে নেই ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা দলটিকে দুশ্চিন্তায় ফেলেছে নেইমারের চোট।

ডান পায়ের গোড়ালির চোটে ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। বেঞ্চে বসে এ সময় নেইমারকে কাঁদতেও দেখা যায়। পরে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নেইমারের গোড়ালির কাছাকাছি জায়গাটা বেশ বাজেভাবে ফুলে আছে।

সমর্থকদের মনে শঙ্কা থাকলেও ব্রাজিল কোচ তিতে আশ্বস্ত করেছিলেন, নেইমার খেলতে পারবেন পরের ম্যাচগুলোয়। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নিশ্চিত করেছে, গ্রুপ পর্বে আর মাঠে নামতে পারছেন না ব্রাজিলের প্রাণভোমরা। স্প্যানিশ দৈনিক মার্কাও একই কথা জানিয়েছে। ফলে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৬৭তম মিনিটে চোট পান নেইমার। সার্বিয়ান ফুলব্যাক মিলেনকোভিচের কড়া ট্যাকেলে ডান পায়ের গোড়ালি মচকে যায় নেইমারের। এর ১৩ মিনিট পর পিএসজি তারকাকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। ড্রেসিংরুমে ফেরার পথে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় নেইমারকে।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার ম্যাচশেষে গণমাধ্যমকে বলেছিলেন, ‘তাৎক্ষণিকভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি। ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতি মূল্যায়ন করা হবে। আগামীকাল (আজ) আরেকবার চোট পরিস্থিতি দেখা হবে। আমরা অপেক্ষা করছি।

ব্রাজিল কোচ তিতে আশার বাণী শুনিয়ে বলেন, ‘নিশ্চিত থাকতে পারেন সে বিশ্বকাপে খেলবে। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, চোট সারিয়ে উঠতে বেশ সময় লাগতে পারে নেইমারের। চোট কতটা মারাত্মক তা নিশ্চিত হওয়ার পর সেরে ওঠার সময়টা নির্ধারণ করা হবে। পরে গ্লোবো জানিয়েছে, নকআউট পর্বের ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

শুক্রবার (২৫ নভেম্বর) ব্রাজিলের দলের চিকিৎসক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শুক্রবার বিকেলে নেইমারের এমআরআই করা হয়েছে। গোড়ালিতে মারাত্মকভাবে আঘাত পেয়েছে। আর তাই নিশ্চিতভাবে পরের ম্যাচে খেলতে পারছে না। নেইমার চিকিৎসার ভেতর দিয়ে যাবে এবং বিশ্বকাপে আবার খেলার জন্য তাকে প্রস্তুত করার চেষ্টা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *