সৌদির গোলরক্ষককে ফ্ল্যাট দিতে চান চট্টগ্রামের সাবেক মেয়র

ফুটবল বিশ্বকাপ শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে সৌদি আরব। খেলায় সৌদির জয়ের নায়ক গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। তিনি ম্যাচ সেরাও হয়েছেন।

আর্জেন্টিনার খেলোয়াড়দের দুর্দান্ত সব শট ঠেকিয়ে নজরকাড়া আল ওয়াইসকে একটি ফ্ল্যাট উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এবং চট্টগ্রামের শীর্ষ শিল্পগ্রুপ মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর আলম।

তিনি ফ্ল্যাটটি দিতে চান মোস্তফা হাকিম গ্রুপের মালিকানাধীন চট্টগ্রামের আকবর শাহ থানাধীন মোস্তফা হাকিম বাগানবাড়িতে। পাশাপাশি মোহাম্মদ আল ওয়াইসকে চট্টগ্রামে এনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সংবর্ধনা দিতেও আগ্রহ প্রকাশ করেছেন মনজুর।

সৌদি আরবের দুর্দান্ত এ জয়ে মুসলিম উম্মাহর সুনাম বেড়েছে বলেও মনে করেন চসিকের সাবেক এ মেয়র।

বুধবার (২৩ নভেম্বর) সকালে এক শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে এমন কথা জানান মনজুর আলম। আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব জয়ী হওয়ায় এ মাহফিল করা হয়। চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাট সংলগ্ন মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে এ মাহফিল হয়।

এ বিষয়ে এম মনজুর আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশ্ব মুসলিমদের আবেগ-অনুভূতির দেশ হিসেবে সৌদি আরবের এমন জয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে আলহাজ্ব মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দিতে আমরা আগ্রহী এবং তাকে একটি ফ্ল্যাট উপহার দিতে চাই।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের মাধ্যমে আমরা ওই গোলরক্ষকে সংবর্ধনা এবং ফ্ল্যাট দেওয়ার জন্য আবেদন করব। যদি অনুমতি মেলে এবং বাংলাদেশ সরকার অনুমতি দেয়, তাহলে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব।’

এর আগে, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, ‘আর্জেন্টিনার মতো শক্ত একটি দলকে হারিয়ে সৌদি আরব মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল করেছে। এশিয়ার রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের এমন জয়ে আমরা আনন্দিত।’

তিনি বলেন, ‘এ গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেন সৌদির গোলবারের নিচে, তার জন্যই সৌদি আরব জয় লাভে সক্ষম হয়। আমরা গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাট উপহার দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *