তামিম ইকবালের বাবা প্রয়াত ইকবাল খান ছিলেন ফুটবলার। ঢাকা ও চট্টগ্রাম লিগে খেলেছেন দাপটের সঙ্গে। বাবার মতো ফুটবলের পথে হাঁটেননি তামিম। ক্রিকেটার হলেও ফুটবল-প্রেমে ঘাটতি নেই তার। বিশেষ করে বিশ্বকাপ এলে তিনি ডুবে যান ফুটবলে, সোচ্চারে সমর্থন করেন প্রিয় দল ব্রাজিলকে। অন্যদিকে সাকিব আল হাসান লিওনেল মেসির পাঁড় ভক্ত। দল হিসেবে তার পছন্দের দল আর্জেন্টিনা।
ড্রেসিংরুমে অবশ্য কোণঠাসা হয়ে থাকেন তামিম ইকবালই। কেননা সতীর্থদের বেশিরভাগ আর্জেন্টিনার সমর্থক! ফলে বিশ্বকাপ চলাকালে তামিমকে লড়াইটা একা একাই করতে হয়! এবারের কাতার বিশ্বকাপে বাংলাদেশের তারকা দুই ক্রিকেটার মাঠে উপস্থিত থেকে বিশ্বকাপের দুটি ম্যাচ উপভোগ করবেন।
কাতারে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। টি টেন খেলতে গতকাল আবুধাবিতে পা রেখেছেন সাকিব আল হাসান। যোগ দিয়েছেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে।
তবে ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর খেলা দেখতে দুবাই থেকে কাতারে পা রাখবেন এই অলরাউন্ডার। তার সঙ্গী হবেন বাংলাদেশ টাইগার্সের স্বত্বাধিকারী।
অপরদিকে ২৫ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল খেলবে সার্বিয়ার বিপক্ষে। এর আগেই ম্যাচের টিকিট নিশ্চিত করেছেন তামিম। মাঠে বসে পছন্দের দলের খেলা দেখার অপেক্ষায় থাকা তামিম বলেন, ‘আমি শৈশব থেকেই ব্রাজিলের ফুটবলের ভক্ত এবং খুব ভালোভাবেই তাদের অনুসরণ করতাম। এবার যেহেতু খেলা দেখার সুযোগ আছে তাই হাতছাড়া করিনি। সার্বিয়ার সঙ্গে ম্যাচটি দেখতে কাতার যাচ্ছি’।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনও যাচ্ছেন কাতার। বিশ্বকাপের তিনটি ম্যাচ দেখবেন তিনি। আজ রাত আটটায় উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। এরপর রাত দশটায় মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।





