বিশ্বকাপের আগে আরব আমিরাতকে গোলবন্যায় ভাসালো আর্জেন্টিনা

প্রথমার্ধে যেভাবে আরব আমিরাতকে পেয়েছিলো, দ্বিতীয়ার্ধে সেভাবে পায়নি। বরং, দ্বিতীয়ার্ধে আরব আমিরাত ছিল দুর্দান্ত। যার ফলে প্রথমার্ধে মধ্যপ্রাচ্যের দেশটিকে ৪ গোল দিলেও, দ্বিতীয়ার্ধে আর মাত্র একটি গোল দিতে পারলো লিওনেল মেসিরা। তবুও, শেষ পর্যন্ত আরব আমিরাতকে ৫-০ গোলের মালা পরিয়ে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ শেষ করলো আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে আজ আব আমিরাতের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির দল। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বিশ্বকাপের সুপার ফেবারিট আর্জেন্টিনা।

প্রথমার্ধেই জোড়া গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বাকি দুই গোলের একটি করে করেছেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি করেন জোয়াকিন কোরেয়া।

হালকা ইনজুরি সমস্যা ছিল ডি মারিয়ার। দেখার ছিল তিনি মাঠে নামতে পারেন কি না। তাকে মাঠে নামানো হলেও আজকের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি পাওলো দিবালাকে।

আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ হলেও, যে ম্যাচ খেলতে নেমেছেন মেসি, তাতে তো আর দর্শকরা ঘরে বসে থাকতে পারে না। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

এদিকে বিশ্বকাপের আগে স্কালোনির দলের এমন জয়ে উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন সমর্থকেরা। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেসির আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *