ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেছেন, ওই বক্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করলে সরকার কঠোর হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের দপ্তরে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
গত সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-অ্যাবার্ট-স্টিফটুং (এফইএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলা নিয়ে মন্তব্য করেন জাপানের রাষ্ট্রদূত।
এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তার কাছে এ বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।
এ সময় তিনি বলেন, বন্ধু দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করে না বাংলাদেশ। কারণ, গত চার বছরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ করেনি জাপান সরকার।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে গতকাল বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ বৈঠকে ইতো নাওকির নির্বাচন ইস্যুতে খোলামেলা মন্তব্য নিয়ে ঢাকার পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
