Home প্রধান খবর বরিশালে ইশরাকের গাড়িবহরে হামলা

বরিশালে ইশরাকের গাড়িবহরে হামলা

0
252

বরিশালে গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে বরিশালের গৌরনদীর মাহিরাবাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ করা হয়, বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ইশরাক অক্ষত থাকলেও গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ইশরাক হোসেন নিজেই এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, আজ শনিবার দুপুরে বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বরিশালের গণসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে একটি গাড়িবহর নিয়ে আজ ভোরে রওনা হন ইশরাক হোসেন। পথে ব্যাপক বাধার শিকার হয় তার গাড়িবহরটি। এক সময় বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিরাবাজারে পৌঁছালে সেখানে হামলা করে দুর্বৃত্তরা।

ইশরাক হোসেন বলেন, ‘আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভয় সঞ্চারের অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। সব বাধা মোকাবিলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি। যত হামলাই করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপির নেতাকর্মীদের দমাতে পারবে না।’

বিএনপির পক্ষ থেকে হামলায় আহত কয়েকজনের নাম জানানো হয়েছে। তারা হলেন ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুন ভূঁইয়া, কর্মী মো. রাসেল, রকি, মো. বাবুল, খোকন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইমরান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা রকি, আল আমিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here