নজর২৪, ঢাকা- নির্বাচন কমিশন (ইসি) ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) লাজ-লজ্জা-শরম-হায়া কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃনির্বাচনের দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন আমেরিকা নির্বাচন কমিশনের থেকে উন্নত। কারণ তারা ৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না সেখানে আমরা পাঁচ মিনিটে ফলাফল ঘোষণা করতে পারি। আপনারা তো পারবেন, কারণ আপনাদের ফলাফল আগে থেকেই তৈরি করা থাকে। সুতরাং আপনার সেটা শুধু ঘোষণা করে দেন।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনের লাজ-লজ্জা বলতে কিছু নেই। হায়াটুকুও নেই। লজ্জা সরম থাকলে অনেক আগেই পদত্যাগ করে চলে যেত। তারা বর্তমান সরকারের ক্রীড়ানক হিসেবে কাজ করছে। জনগণ নির্বাচন ব্যবস্থার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে এত সন্ত্রাস, এত কারচুপি, ভয়ভীতি প্রদর্শনের পরও ১৪ শতাংশের বেশি ভোট নির্বাচন কমিশন দেখাতে পারেনি।
শেখ হাসিনা সরকার থাকলে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই জন্যই সরকারকে বলব, পদত্যাগ করুন। অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় নিয়েছে সেভাবে আপনাদেরও বিদায় নিতে হবে।’
সরকার নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বর রাতে, পরবর্র্তী সব নির্বাচন তারা লুট করে নিয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা দিনে দিনে ক্রমেই হারিয়ে গিয়ে শূন্যের কোঠায় নেমে গেছে- তা ভোটার উপস্থিতি দেখলেই বুঝতে পারা যায়।
তিনি আরও বলেন, ‘এই সভা থেকে দাবি করছি, দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিন। উপনির্বাচনে যে ফলাফল ঘোষণা করা হয়েছে তা বানোয়াট-এই ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা সরকার থাকলে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না।’
