ময়মনসিংহের বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। এর মধ্যেই নেতাকর্মীরা জড়ো সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশ সফল করতে শুক্রবার রাতেই নগরীতে অবস্থান শুরু করেন অনেকে।
কেউ ট্রেনে, কেউ নদী পথে, কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় সমাবেশ স্থলে আসেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা দখলে নেয় বিএনপি। তবে আশপাশের এলাকায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়নি।
মাসকান্দা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ড্রেনের স্লাবের ওপর পাটি পেতে ঘুমাচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সড়কের পাশেই রাত্রিযাপন করেন। চরপাড়া থেকে মাসকান্দা পুরো এলাকা জুড়ে মেলে অভিন্ন চিত্র। বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের দখলে পুরো এলাকা।
আজ শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাস টার্মিনাল ঘুরে কোনো ধরণের বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে স্বল্প পরিসরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছিল। শহরে কিছু রিকশাও চলতে দেখা যায়।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং চলমান আন্দোলনে বিএনপির ৫ নেতাকর্মী হ’ত্যাসহ, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ ডাকে বিএনপি।
সার্কিট হাউজ মাঠে সমাবেশের অনুমতি না পেয়ে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ইতিমধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে লোক সমাগমও। বিএনপির নেতাকর্মীদেরকে শহরের বিভিন্ন অলিগলিতে মিছিল করতে দেখা গেছে।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যাতে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা যোগ দিতে না পারেন, তার জন্য গত রাত থেকেই বন্ধ করে দেয়া হয়েছে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাসগুলো। তবে বিএনপি নেতারা সমাবেশকে সফল করতে বিভিন্ন উপায়ে সমাবেশস্থলে আছেন।
এদিকে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাতে বিএনপির নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহ শহরের টাউন হল এলাকায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, রাত পৌনে নয়টার দিকে টাউন হল এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
