টিকটক করে শাস্তির মুখে আট নারীসহ ১৩ পুলিশ সদস্য

বাংলাদেশ পুলিশের পোশাক পরে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে ভিডিও করায় আট নারীসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার।

অভিযুক্ত ওই ৮ নারী এবং ৫ পুরুষ পুলিশ সদস্য দেশের বিভিন্ন জেলায় কর্মরত আছেন।

অভিযুক্ত ১৩ কনস্টেবল হলেন— সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সাকিরা আক্তার (হবিগঞ্জ), আবু হানিফা নিপু (হবিগঞ্জ), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. আশিকুল হক (ঝালকাঠি), আইরিন আক্তার (পিরোজপুর), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা ও (পিটিসি, টাঙ্গাইল)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, অভিযুক্ত ১৩ পুলিশ সদস্য আপত্তিকর ভিডিও কন্টেন্ট তৈরি করে তা টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। যা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে টিকটক ও লাইকিসহ বিভিন্ন অ্যাপে ভিডিও শেয়ারের ক্ষেত্রে সতর্কতামূলক নির্দেশনা জারি করে ডিএমপি। ওই নির্দেশনায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রচার করছেন। পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিওধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায় ডিএমপির প্রতিটি ফোর্সের ইনচার্জদের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, পুলিশের পোশাক পরে অথবা পুলিশ বিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *