প্রধানমন্ত্রী শেখ হসিনার চাচি ও পিরোজপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মারা গেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সংসদ সদস্য শেখ এ্যানি রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিন তিনি বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফ সপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, শেখ এ্যানি রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।
শেখ এ্যানি পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
