ঈদে মিলাদুন্নবী (সা.) উপল‌ক্ষে রাজধানীতে জশনে জুলুস

হিজরি ১২ রবিউল আউয়াল আজ। ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে মানবজাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আসেন। এ উপলক্ষে রাজধানীতে জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও রোববার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে আন্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারির পক্ষ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশনে জুলুস শুরু হয়ে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে মিলিত হয়।

জশনে জুলুসের নেতৃত্ব দিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহ্ সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর (মা.জি.আ.)।

জশনে জুলুসের প্রথম দিকে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার ব্যবস্থাপনায় জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে।

জুলুসে অংশগ্রহণকারীরা নারায়ে তকবির, নারায়ে রেসালতের স্লোগানে স্লোগানে রাজধানীর রাজপথ মুখরিত করে তোলে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে জুলুসে আসা সূফিবাদীরা পায়জামা-পাঞ্জাবি পরিহিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *