নভেম্বর থেকে টাকা ফেরত পাবেন ইভ্যালির গ্রাহকরা

অনেক চেষ্টার পরও পাসওয়ার্ড জানতে না পারায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সার্ভার খুলতে পারেননি আদালত কর্তৃক গঠিত শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ। নতুন বোর্ড গঠনের এক সপ্তাহের মধ্যে সার্ভার চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন বোর্ডের সদস্যরা বলেছেন, শিগগিরই ইভ্যালির সার্ভার চালু হবে। এখন থেকে অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি গ্রাহকদের আটকে থাকা টাকা আগামী ১ নভেম্বর থেকে রিফান্ড করা শুরু হবে।

ইভ্যালি সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছে, আগামী শনিবার নতুন বোর্ডের মিটিং হবে। ওই মিটিংয়ে এসব বিষয়ে আরও সিদ্ধান্ত আসতে পারে। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন পুনরায় দায়িত্ব নেয়ার পর পরবর্তী কার্যক্রম নিয়ে ওই মিটিংয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ অনেক চেষ্টা করেও পার্সওয়াড না থাকায় ইভ্যালির সার্ভার খুলতে পারেনি। জেলে থাকা প্রতিষ্ঠানের সাবেক সিইও মোহাম্মদ রাসেলের কাছে পার্সওয়াড চাইলে ভুলে গেছেন বলে জানান। ফলে কোনভাবেই সার্ভারটি খুলতে পারেনি মানিকের পর্ষদ। এ কারণে গ্রাহকদের পাওনা এবং সম্পদের তথ্যও পুরোপুরি পায়নি অডিট ফার্ম।

এর মধ্যে এসএসএল কর্মাসের ব্যাংক ডিপোজিট টাকাগুলো ১-৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড হবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বিকাশ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিংয়ের টাকাগুলো ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই রিফান্ড হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে একটু সময় লাগবে, সেটি ১৫ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ এর আগে তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরও ১২ মাস। আর যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ থেকে ৬ জুন ২০২১ তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরও ১৮ মাস।

যাদের ইভ্যালি থেকে দেয়া রিফান্ডের চেক আছে এবং যেহেতু চেকের সময় ৬ মাস পেরিয়ে গেছে তাদের চেক-কে বলা হয় স্টেল বা বাসি চেক। কোন চেক যখন উল্লেখিত তারিখের ৬ মাস বা ১৮০ দিন পরে ব্যাংকে উপস্থাপন করা হয় তখন তাকে স্টেল চেক বলে। এ ধরনের চেকের বিপরীতে ব্যাংক কখনও টাকা দেয় না। আর তাই ইভ্যালি কর্তৃপক্ষ সেই চেকগুলো আবার ফেরত নেবে। সূত্র জানায়, সর্বোচ্চ ১৮ মাসের মধ্যেই সব দেনা পরিশোধ করবে ইভ্যালি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন আদালতের নির্দেশে গঠন করা সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। এরপর প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ইভ্যালি দায়িত্ব নেন। তার নেতৃত্বেই নতুন পরিচালনা পর্ষদ গঠন হচ্ছে এবং ইভ্যালি পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

তারও আগে গত ১০ আগস্ট ইভ্যালি পুনরায় চালু করতে আদালতের মাধ্যমে গঠিত বোর্ডের কাছে আবেদন করেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। আবেদনে তিনি নিজেকে এবং তার মা ও বোনের স্বামীকে পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে বলেছেন। শামীমা নাসরিনের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম এ আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *