প্রশ্নফাঁস: দিনাজপুর বোর্ডের আরও ২ পরীক্ষার প্রশ্ন বাতিল

দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয়গুলো হলো- জীব বিজ্ঞান ও উচ্চতর গণিত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার স্থগিত ৪ বিষয় যথাক্রমে গণিত (আবশ্যিক), পদার্থ বিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন ও আরও দুটি বিষয় যথাক্রমে জীব বিজ্ঞান ও উচ্চতর গণিতসহ মোট ছয়টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাতিলকৃত প্রশ্নপত্রগুলো ট্রেজারি অফিসগুলো কঠোর নিরাপত্তার সঙ্গে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।

তবে প্রশ্নপত্র বাতিল হলেও পূর্ব নিধারিত তারিখ ও সময়ে ওই দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান বিষয়ে এবং ১ সেপ্টেম্বর উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম জানান, নতুন দুটি বিষয়ের প্রশ্নপত্রগুলো বাতিল করা হয়েছে। তবে আগের নির্ধারিত তারিখ ও সময়েই ওই দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দুটি বিষয়ের শুধুমাত্র প্রশ্নপত্রগুলো পরিবর্তিত হবে। বাতিল হওয়া নতুন দুটি বিষয়ের প্রশ্নপত্র ও স্থগিতকৃত ৪টি বিষয়ের প্রশ্নপত্র ইতিমধ্যেই ছাপানো শুরু হয়ে গেছে।

প্রশ্নফাঁসের ঘটনায় এখন পর্যন্ত কুড়িগ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *