বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করলেন নেপালের কোচ

বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করা হয়নি নেপালের। নেপালের প্রথম নারী সাফের শিরোপা জয়ের স্বপ্ন মুখ থুবড়ে পড়লো আরও একবার।

আরও একবার হতাশা সঙ্গী হল হিমালয় কন্যাদের। তাদের এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন দলের কোচ কুমার থাপা। ফাইনালের পর কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

ফাইনালের পর পদত্যাগ করে বসেন নেপাল নারী ফুটবল দলের কোচ। পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে থাপা বলেন, ‘আমি নেপাল জাতীয় নারী দলের কোচের পদ ছেড়ে দিচ্ছি। সাফল্য না পেলে এখানে তার এই পদ আঁকড়ে ধরে রাখা মোটেও উচিত নয়। ’

ফাইনালের আগে বাংলাদেশকে যথেষ্ট সমীহের চোখে দেখছিলেন নেপালি এই কোচ। নিজ দলের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন থাপা। তবে মনের কোণে যে শিরোপার আশাটা ছিল না, বিষয়টা মোটেও তেমন নয়। ঘরের মাঠে খেলা, স্বাগতিক দর্শকদের সামনে শিরোপার স্বপ্ন কার না থাকে? থাপারও ছিল। তবে শিরোপা স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর নিজেকে আর দায়িত্বে দেখতে চাইলেন না থাপা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও ভুটানকে পেছনে ফেলে শীর্ষে থেকেই সেমিফাইনালের টিকিট পায় নেপাল। আর সেমিফাইনালে প্রতিযোগিতার সফলতম ভারতকে ১–০ গোলে হারিয়ে বিদায় করে তারা। তবে ফাইনালে আবার স্বপ্ন ভঙ্গ হলো নেপালের। এ পর্যন্ত সব মিলিয়ে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবার শিরোপা হাতছাড়া করল তারা।

ফাইনালের আগে নেপালকে শিরোপা এনে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নেপাল কোচ কুমার থাপা। বলেছিলেন, এবার আর সুযোগ নষ্ট করতে চান না তাঁরা। তবে সেই কথা রাখতে পারেনি কুমার থাপার দল। হারের পর নিজের পদত্যাগের ঘোষণা দিতেও তাই দেরি করলেন না তিনি।

কুমার থাপা বলেন, ‘প্রতিজ্ঞা রাখতে না পারায় আমি নেপালে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *