সয়াবিন তেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের দাম আগামী অক্টোবরে কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আশা করছি, আগামী মাসেই এখানে ভোজ্যতেলের মূল্য কমবে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।

এর আগে গত ২৩ আগস্ট সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববাজারে কমতে থাকলেও এ সিদ্ধান্ত নেয় তারা। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম দাঁড়ায় ১৯২ টাকা। আগে এ দাম ছিল ১৮৫ টাকা।

লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আর ৫ লিটারের বোতলজাতের দর পড়ে ৯৪৫ টাকা। এছাড়া ১ লিটার খোলা পাম অয়েলের মূল্য ধরা হয় ১৪৫ টাকা।

এর আগে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় গত ১৭ জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে দেশে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে। আগের বছরের চেয়ে প্রায় ৭৫ হাজার টন কম আমদানি হয়েছে ২০২১-২২ অর্থবছরে।

অবশ্য একই সময়ে সয়াবিন বীজের আমদানি হয়েছে ১৩ লাখ ৩১ হাজার টন, যা আগের বছরের চেয়ে প্রায় ২ লাখ ৩৭ হাজার টন বেশি। ২০২১-২২ অর্থবছরে পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে ১৫ হাজার টনের কিছু বেশি।

আগের বছর কোনো পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়নি। ২০২১-২২ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে প্রায় ১০ লাখ টন পাম তেল আমদানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *