সীমান্তে আবারও বিএসএফের গুলি, ১ বাংলাদেশি নিহত

দিনাজপুর: দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে মিনহাজুল ইসলাম মিনার (১৮) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাইনুর সীমান্তের ৩১৫ মেইন পিলার ও সাবপিলারের ৩১৪-৮ ভারতীয় হরিওলপুর তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজুল ইসলাম মিনার সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাতে খানপুর গ্রামের কয়েকজন ছেলে চোরাই পথে দাইনুর সীমান্ত দিয়ে কচ্ছপের শুঁটকি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মিনহাজুল ঘটনাস্থলেই নিহত হয়। এর পর থেকে সাগর ও এমদাদুল নামে দুইজন নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে বিএসএফ ধরে নিয়ে গেছে না তারা পালিয়ে আত্মগোপন আছে কেউ বলতে পারছে না।

কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সরকার বলেন, বিএসএফর গুলিতে আমার ইউনিয়নের দাইনুর সীমান্তে মিনহাজুল নামে এক কিশোর মারা গেছে।

এ বিষয়ে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, এ ঘটনায় বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছি। ইতোমধ্যে তারা চিঠির জবাব দিয়েছেন। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। তবে মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *