শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন করা হয়েছে। সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

সোমবার (২২ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতেও বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চানতে চাইলে সাইফুর রহমান খান সংবাদমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন কার্যকর করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর করা হবে।

এর আগে, মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব আরও বলেন, আগামী বুধবার থেকে সরকারি ও সব স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এটা শুধু আমাদের দেশের একক সমস্যা নয়। গোটা বিশ্বে এখন সংকট চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *