দেশে ফিরেই সেই পোস্ট ডিলিট করলেন সাকিব

বাজি ধরার প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে করা ‘১০ কোটি টাকার চুক্তি’ শেষতক বাতিল করেছেন সাকিব আল হাসান। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুশিয়ারিতে চুক্তি বাতিলে বাধ্য হয়েছেন সাকিব।

চুক্তি বাতিলের ঘোষণার পরও সাকিবের ফেসবুকে ঠিকই দেখা যাচ্ছিল বেটউইনারের শুভেচ্ছা দূত হিসেবে করা পোস্টটি। গত ২ আগস্ট সেই পোস্টটি দিয়েছিলেন সাকিব। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট।

এদিকে সমালোচনার মধ্যে শুক্রবার ভোররাতে দেশে ফিরেছেন সাকিব। আর দেশের মাটিতে পা রাখার কিছু পরেই বির্তকিত সেই ফেসবুক পোস্ট মুছে দিয়েছেন তিনি।

সাকিবের নিজের অফিসিয়াল পেজে সেই পোস্টটি আর দেখা যাচ্ছে না।

সাকিবের দেশে ফেরার কথা ছিল মূলত ১৪ আগস্ট। তবে একদিন আগেই ১৩ আগস্ট প্রথম প্রহরে (শুক্রবার দিনগত রাত প্রায় ৩টার পর) দেশে ফিরে এসেছেন সাকিব। আজ (শনিবার) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার রয়েছে তার।

এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনায় বসেছেন জাতীয় দলের নির্বাচকরা। যেখানে অবধারিতভাবেই কথা হবে এশিয়া কাপের দল নিয়ে। এছাড়া জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির সঙ্গেও বসেছেন তারা।

জানা গেছে, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার ফলে আপাতত সাকিবকে এশিয়া কাপ দলে রাখায় নির্বাচকদের আর কোনো বাধা নেই। তবে সাকিব অধিনায়কত্ব পাবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্তটা আসবে বোর্ড প্রধানের সঙ্গে আজকের বৈঠকের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *