মানিকগঞ্জ: দীর্ঘ সাত বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে পুনরায় সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। সম্মেলন পরিচালনা করেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ।
