পদ্মা সেতু‌তে ২৪ হাজার ২০০ টাকা টোল দি‌লেন জয়

সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এসময় পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় ২৪ হাজার ২০০ টাকা টোল দেন তিনি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (অপা‌রেশন ও ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর গণভবন থেকে রওনা হয়ে সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি।

এদিন গণভবন থেকে সকাল ৮টায় রওনা হয়ে ৮টা ৪০ মিনিটের দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রীর গাড়িবহর মাওয়া টোল প্লাজায় ৬ নম্বর লেন দিয়ে প্রবেশ করে। এসময় গাড়ি বহরের টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সব মিলিয়ে ২৪ হাজার ২০০ টাকা টোল পরিশোধ করেন তিনি।

জানা যায়, বহরে থাকা মোট ২৯টি গাড়ির জন্য ২৪ হাজার ২০০ টাকা টোল পরিশোধ করেন জয়। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর সেতুতে ওঠে। সেতু অতিক্রমকালে প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নামেন।

এসময় ছেলে জয় ও মেয়ে পুতুলসহ প্রায় ৫ মিনিট পদ্মা সেতুতে অবস্থান করেন। সেখানে মা ও বোনকে সঙ্গে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন জয়। সোমবার (৪ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পদ্মা ব্রিজ’।

এর আগে সেতু পার হয়ে জাজিরাপ্রান্তেও কিছু সময় অতিবাহিত করেন প্রধানমন্ত্রীর গাড়িবহর। পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এদিন বিকেলে আবার পদ্মা সেতু হয়ে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এ সময় তার বহরের একজন কর্মকর্তা ৩৭টি গাড়ির টোলের টাকা পরিশোধ করেন বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ওয়াসিম আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *