পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ঢাকা: পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের একজন বাইক চালাচ্ছিলেন, অন্যজন আরোহী।

রোববার (২৬ জুন) রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় আহত দুইজনকে রাতে হাসপাতালে আনা হয় রাতে। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।

নিহতরা হলেন- হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। তাদের বাড়ি দোহারের শমশাবাদ এলাকায় বলে জানা গেছে।

নিহতদের বন্ধু জয়দেব বলেন, আজকে বিকেলে পদ্মা সেতু দেখতে দোহার থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে যাই। পরে ফেরার পথে আমরা আগের মোটরসাইকেলে ছিলাম। পদ্মা সেতু থেকে আমরা নেমে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ফোন আসে তারা দুইজন মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করে আহত অবস্থায় পড়ে আছে। পরে আমরা আবার ফিরে পদ্মা সেতুতে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তারা দুজনে অ্যাপাচি মোটরসাইকেলে ছিলেন। তবে কিসের সঙ্গে তারা অ্যাকসিডেন্ট করেছেন সে বিষয়ে কিছু জানি না। এদের মধ্যে ফজলু দেশের বাইরে থাকেন এবং আলমগীর একটি মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করেন। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা ঢাকা মেডিকেলে আসছেন।

এর আগে রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে।

পরে এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের গুরুতর আহত দুইজন পদ্মা সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্ত ও জুতা পড়ে আছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান জানান, আহত দুজনকে আশেপাশের লোকজন একটি মিনি ট্রাকে উঠিয়ে দেন। ট্রাকটি তাদের নিয়ে ঢাকার দিকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *