ঈদের আগে পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ১০ টাকা

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে আবারও অস্থির হয়ে উঠতে শুরু করেছে পেঁয়াজের বাজার। ইতোমধ্যে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজের দাম অর্ধশতকের ঘর ছাড়িয়ে গেছে।

ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি-বন্যা ও বাড়তি মজুদের কারণে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ছে।

গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত। গত সপ্তাহে যা ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে বিক্রি হয়েছে। কোথাও কোথাও ৩৫ টাকাতেও পাওয়া গেছে।

খুচরা বিক্রেতারা জানান, এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম দুই দফায় বেড়েছে। গত শুক্রবার একদিনের ব্যবধানেই বেড়েছে ৫ টাকা।

মালিবাগ বাজারের মেসার্স গাজী স্টোরের ব্যবসায়ী মাসুদ রানা বলেন, গত সপ্তাহের শুরুর দিকেও ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। সপ্তাহের শেষে দাম বেড়ে ৫০ টাকা হয়। এরপর শুক্রবার আবারও ৫ টাকা বাড়ে। এখন দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছি ৫৫ টাকা দরে।

মাসুদ আরও বলেন, আড়তগুলোতেই দাম বাড়ানো হয়েছে। তাই খুচরাতেও বাড়াতে হয়েছে আমাদের।

একই কথা জানালেন কদমতলীর সাদ্দাম মার্কেট বাজারের মুদিপণ্য বিক্রেতা ও মিলন স্টোরের কর্ণধার মো. মিলনও। তিনি বলেন, এ বাজারে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাছাই করা ভালো মানের পেঁয়াজ ৫৫ টাকাতেও বিক্রি হচ্ছে। পাইকাররা বৃষ্টি ও বন্যার কথা বলছেন। তারা বলছেন, এ কারণে রাজধানীর আড়তে পেঁয়াজের আমদানি কম।

অন্যদিকে পাইকারি বিক্রেতারা দাবি করছেন, দেশি পেঁয়াজের বড় অংশ এখন মজুদে চলে গেছে। অনেক গৃহস্থ ও আড়তদার বাড়তি মজুদ করছেন। বন্যা ও বৃষ্টির ফলেও পেঁয়াজের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে স্থানীয় মোকামগুলোতেই এখন দেশি পেঁয়াজের সরবরাহ কমেছে। যার প্রভাব পড়েছে পেঁয়াজের দামে। রাজধানীতেও সম্প্রতি দেশি পেঁয়াজের আমদানিতে টান পড়েছে। ফলে দাম ঊর্ধ্বমুখী।

তবে ক্রেতা ও ভোক্তা অধিকারসংশ্লিষ্টদের মতে, পেঁয়াজের বাজারে বন্যার প্রভাব পড়ার কথা নয়। মূলত বৃষ্টি-বন্যাকে পুঁজি করে আবারও বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে অসৎ ব্যবসায়ীরা।

কোরবানির ঈদকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা করতে চাইছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *