লাইভের পর তাশরীফকে পুলিশের ফোন, সহযোগিতার আশ্বাস

বন্যার্তদের পাশে দাঁড়ানো আলোচিত তরুণ কণ্ঠশিল্পী তাশরীফ খান সিলেটে রাতে চা খেতে গিয়ে পুলিশের ধমক খেয়েছেন! সামাজিকমাধ্যমে লাইভে এসে এই তিক্ত অভিজ্ঞতার কথা জানান তাশফীক।

সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে তাশরীফকে ফোন করা হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ। পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে।

শুক্রবার (২৪ জুন) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মানবিক তরুণ হিসেবে খ্যাতি পাওয়া তাশরীফ।

এই গায়ক বলেন, ‘সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে আমি ফোন পেয়েছি। তারা আমাকে জানিয়েছেন আমাদের আগামী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করবেন। রাতেই একজন এসআই এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

তাশরীফ আরও যোগ করেন, ‘সিলেটের এয়ারপোর্ট থানা এবং কোতয়ালি থানার টহল গাড়ি একটু পরপর আমাদের কাছে আসছে। আমাদের খোঁজ খবর নিচ্ছে। আমাদের ত্রাণের নিরাপত্তা দিচ্ছে। সেদিন যে পুলিশ সদস্য আমাকে ধমক দিয়েছেন পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করে বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও আমাকে আশ্বস্ত করা হয়েছে।’

এদিকে শুক্রবার নিজের ফেসবুক পেজে তাশরীফ লেখেন, ‘গতকাল রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আস্বস্ত করেছেন আমাদের যে কোন প্রয়োজনে উনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যে উনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেবার চেষ্টা করে যাচ্ছেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি-জনগণ আমাদের শক্তি আর প্রশাসন আমাদের সাহস।’

উল্লেখ্য, ইতোমধ্যেই তাশরীফ ফেসবুক লাইভ করে দেড় কোটি টাকা উত্তোলন করেছেন বন্যার্তদের জন্য। সেই টাকা দিয়ে হাজার হাজার পরিবারের পাশে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *