পদ্মা সেতু নিয়ে সাকিব আল হাসানের উচ্ছ্বাস

বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ি খুলনা বিভাগের জেলা মাগুরায়। রাজধানী ঢাকা থেকে যেখানে যেতে হলে পাড়ি দিতে হতো উত্তাল পদ্মা। তবে ২৫ জুনের পর ফেরিতে করে পারাপারের অসুবিধা আর থাকবে না।

২৫ জুন সেতুর উদ্বোধন হলে গাড়ি দিয়েই স্বল্প সময়ে পদ্মা পাড়ি দিতে পারবেন সাকিবসহ দক্ষিণের সব মানুষ। পদ্মা সেতু উদ্বোধনের সেই আনন্দ ছুঁয়ে গেছে সাকিবকেও।

বাংলাদেশ দলের সঙ্গে এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন সাকিব আল হাসান। সেখানে টেস্টে দলের অধিনায়কত্ব করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সুদূর ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে স্বপ্নের পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেস্ট অধিনায়ক নিজেই।

পদ্মা সেতুর ছবি দিয়ে সাকিব লিখেছেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!’

সাকিবের মতো এ সেতু দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে স্বপ্নের সেতু। এর আগে পদ্মা পাড়ি দিতে ওই অঞ্চলের মানুষকে নির্ভর করতে হতো ফেরির ওপর। ঈদের সময় যেটা আবার ভোগান্তির সঙ্গে ছিল অনিরাপদ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো নদী পার হওয়ার জন্য। আবার অতিরিক্ত ওজন বহনে অনেক ফেরি ডুবে ঈদের আনন্দ শোকে পরিণত হতো অনেক পরিবারের।

জীবিকার প্রয়োজনে রাজধানীতে আসা মানুষের আর ফেরা হতো না পরিবারের কাছে। তবে সেসব দুশ্চিন্তা আর থাকছে না পদ্মার ওপারের মানুষদের। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *