কুমিল্লায় এবার যমজ শিশুর জন্ম, নাম রাখা হলো পদ্মা-সেতু

কুমিল্লা: নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লায় জন্ম নেওয়া দুই যমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের জন্ম হয়।

দুই নবজাতকের নাম পদ্মা ও সেতু রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

মঙ্গলবার বেলা ৩টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হাসান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার যমজ কন্যাশিশুর জন্ম দেন।

তিনি আরও বলেন, ‘সকাল ১০টার দিকে ঝুমুর আক্তার নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথমে একটি শিশুর জন্ম দেন। এর এক ঘণ্টা ৪০ মিনিট পর আরেকটি শিশুর জন্ম হয়। তাৎক্ষণিকভাবে তাদের বাবার সঙ্গে পরামর্শ করে নবজাতক দুটির নাম রাখা হয় দেশের আলোচিত সেতুর নামে—‘পদ্মা’ ও ‘সেতু’। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।’

স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদের উপহারসামগ্রী দেওয়া হয়েছে। চিকিৎসা-সংক্রান্ত সবধরনের সুবিধার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। আজীবন তাদের বিনামূল্যে সেবা দেওয়া হবে।

জমজ শিশুর মা ঝুমুর আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের স্বপ্নের পদ্মাসেতু কয়েকদিন পর চালু হবে। আমার ইচ্ছা অনুযায়ী বড় মেয়ের নাম পদ্মা ও ছোট মেয়ের নাম সেতু রাখা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের বন্দরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন অ্যানি বেগম (২৪) নামের এক নারী। খুশিতে তিন সন্তানের নাম রাখেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে—স্বপ্ন, পদ্মা ও সেতু।

শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম।

পদ্মা সেতুর নামে নাম রাখায় খুশি হয়ে নবজাতকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও পোশাক পেয়েছে ওই তিন নবজাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *