Home প্রধান খবর ৪ কোটি ৬০ লাখ টাকা পেল হাদিসুরের পরিবার

৪ কোটি ৬০ লাখ টাকা পেল হাদিসুরের পরিবার

0
92

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকেপড়া এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের পরিবারকে ৫ লাখ ৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। টাকায় এই অর্থের পরিমাণ ৪ কোটি ৬০ লাখ।

হাদিসুরের ভাইকে চাকরি দেয়ার পাশাপাশি জাহাজের অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের সাত মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

ঢাকায় বিএসসির আঞ্চলিক কার্যালয়ে বৃহস্পতিবার হাদিসুরের পরিবার এবং অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের মাঝে প্রায় সাড়ে ৭ কোটি টাকার চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

৪ কোটি ৬০ লাখ টাকার চেকটি গ্রহণ করেন হাসিদুরের বাবা আব্দুর রাজ্জাক।

হাদিসুরের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “হাদিসুরকে আমরা ফিরে পাব না। দুর্ঘটনার পর আমাকে টেলিফোনে হাদিসুরের বাবা বলেছিলেন, ‘হাদিসুর আমাদের একমাত্র অবলম্বন। আমরা কোথায় যাব?”

এই ক্ষতিপূরণের অর্থ পরিবারটিকে একটা অবলম্বন দিল বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরির ব‍্যবস্থা করা হয়েছে। পরবর্তী সময়ে তার যোগ‍্যতা অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো সংস্থায় স্থায়ী চাকরির ব‍্যবস্থা করা হবে।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাহসের আইকন’ উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সাহস থাকলে কী হয়-পদ্মা সেতু এর প্রমাণ। যা ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি হারিয়েছি। আমরা আরও জাহাজ সংগ্রহ করে সমৃদ্ধ হব। সাহস ও মনোবল হারাবেন না। অফিসার ও নাবিকরা আবার কর্মক্ষেত্রে যোগদান করবেন। বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস রাখবেন।’

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, জাহাজের বিমাকারী প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন, বিমা ব্রোকার টাইজার অ্যান্ড কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি এবং বিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত হন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর। গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত ওই জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। জাহাজের ২৯ নাবিককে মলদোভা-রোমানিয়া হয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর ১৪ মার্চ দেশে আনা হয় হাদিসুরের মরদেহ। পরে তাকে দাফন করা হয় বরগুনায় তার বাড়িতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here