ডিপোর মালিক আ.লীগ নেতা, নিয়মনীতির তোয়াক্কা করেননি: রুমিন ফারহানা

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতা হওয়ায় ওই ডিপো পরিচালনায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করেননি বলে অভিযোগ করেছেন বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (০৬ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একইসঙ্গে ডিপো মালিকের খুঁটির জোর নিয়েও প্রশ্ন তোলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপি দলীয় এই সংসদ-সদস্য আরও বলেন, তিনি (মালিক) অনুমোদন ছাড়া ডিপো তৈরি করেছেন। সেই ডিপোতে অনুমোদন না নিয়ে কেমিক্যাল রেখেছেন। এমনকি যখন সেখানে আগুন লেগেছে, তখন অগ্নিনির্বাপণের জন্য যারা গেছেন, তাদের কেমিক্যালের বিষয়ে অবহিত করেননি। এই খুঁটির জোর তিনি কোথা থেকে পেলেন?

তিনি বলেন, এ খুঁটির জোর তিনি পেলেন এ কারণেই যে, এ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ক্ষমতাসীন দলের এমন একটি পদে থেকে কোনো নিয়ম-কানুন মানার প্রয়োজনীয়তা সম্ভবত তিনি বোধ করেননি।

ডিপোর মালিকপক্ষের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রুমিন বলেন, সীতাকুণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। চট্টগ্রামের বিস্ফোরক পরিদপ্তর বলেছে, ওই ডিপোতে দাহ্য পদার্থ রাখার বিষয়টি তাদের জানানো হয়নি। এ ধরনের পণ্য সংরক্ষণে বিশেষ ধরনের অবকাঠামো দরকার, কিন্তু ওই ডিপোতে সে ধরনের কোনো ব্যবস্থা ছিল না।

রুমিন বলেন, ফায়ার সার্ভিসও বলেছে, ডিপোর মালিকপক্ষের কেউ সেখানে কেমিক্যাল রাখার বিষয়টি তাদের জানায়নি। সেটা তাদের জানা থাকলে অগ্নিনির্বাপণের জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া যেত। তাতে বিস্ফোরণ হওয়ার আশঙ্কা কমে যেত। ফায়ার সার্ভিসের কর্মীদের মৃত্যুর ঘটনা হয়তো এত হতো না। এই জীবনগুলো ঝরে গেছে কনটেইনার ডিপোর মালিকের চরম উদাসীনতার।

রুমিন বলেন, দেশে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করার সংস্কৃতি নেই। তাই তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রীর পদত্যাগ চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *