বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, শিশুসহ নিহত ১১

বরিশাল: বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন।

রোববার (২৯ মে) বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহার নামক স্থানে ভোর ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাড়িটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। বরিশাল জেলার উজিরপুর উপজেলার শানুহারে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এখনও বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা পুলিশের।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, উদ্ধারকৃত আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *